জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালিত

Published: 10-11-2025 Updated: 10-11-2025 04:36:52

latest news

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ ও বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস বর্ণাঢ্যভাবে পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে ১০ নভেম্বর ২০২৫ তারিখ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় র‌্যালির মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে র‌্যালি উদ্বোধনের কথা থাকলেও বিশেষ কাজে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় ট্রেজারার মহোদয় র‌্যালির উদ্বোধন করেন।
র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রাজু আহমেদসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য আধুনিক হিসাববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইতালীয় গাণিতিক লুকা প্যাসিওলির বিশ্বখ্যাত বই ‘সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপরশনি-অ্যাট-প্রপরশনালিটা ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রথম ইতালির ভেনিস থেকে প্রকাশিত হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস হিসেবে প্রতি বছর ১০ নভেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়।
র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষ হতে বেলা ১১:৩৫ হতে ১২:৩৫ পর্যন্ত ওয়েবিনারে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ। এই ওয়েবিনারে দেশের ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও দুইটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রকার খেলাধুলা এবং সন্ধ্যায় জয়ধ্বনি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের একপর্যায়ে খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।