‘Arts Based Research Practices: An Alternative Paradigm’
Published: 29-06-2026 Updated: 06-09-2026 01:22:34
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Arts Based Research Practices: An Alternative Paradigm’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Arts Based Research Practices: An Alternative Paradigm’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ২৮ জুন ২০২৬ তারিখ রবিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়| বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন|
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো এমন এক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানে গবেষণা ও শিক্ষাদান করা হয়| এখানে কোন নির্দিষ্ট পাঠ্য বই থাকে না| পুরাতন তথ্যের সাথে আধুনিক গবেষণার মাধ্যমে যে নতুন জ্ঞান অর্জিত হয়, তাই শিক্ষার্থীদের শেখানো হয়| বিশ্ববিদ্যালয়ে শিক্ষকগণ ভালো ডিগ্রী নিয়েই যোগদান করেন| কিন্তু তাদের গবেষণায় দক্ষ হতে হবে| জানার ও পড়ার কোন শেষ নেই| শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিতে হলে শিক্ষকগণের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন| রিসোর্স পার্সনের অভিজ্ঞতা শেয়ারিং-এর মাধ্যমে আশা করি আপনাদের কিছু নতুন ধারণা অর্জিত হবে|’
প্রধান অতিথি আরও বলেন, ‘শুধু পর্যায়োন্নয়ন বা প্রমোশনের জন্য প্রবন্ধ প্রকাশ করলে হবে না| ভালো মানের গবেষণা প্রবন্ধ মানসম্মত জার্নালে প্রকাশ করতে হবে| আপডেটেড তথ্য নিয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে লিখতে পারলেই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া সম্ভব| মানসম্মত গবেষণা প্রবন্ধ প্রকাশের পাশাপাশি তা প্রচারেরও প্রয়োজন রয়েছে| প্রচার হলে তার ইতিবাচক বা নেতিবাচক সমালোচনা হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ| আমি এই প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি|’
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ ও চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন)| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন|
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন| প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা|
এদিকে গবেষণা সম্পাহের শুরুতে আইকিউএসি এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও দুইটি দিনব্যাপী গবেষণা প্রশক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়| ব্যবসায় প্রশাসন ভবনের পরিসংখ্যান বিভাগের ল্যাব কক্ষে পরিসংখ্যানভিত্তিক সফটওয়্যার ‘STATA’ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়| এখানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. শেখ মোহাম্মদ সাঈম| কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার ল্যাব কক্ষে ‘A Tour up to Machine Learning in Python’ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়| এখানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ এইচ এম কামাল|
