জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Jatiya Kabi Kazi Nazrul Islam University

নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার অনুষ্ঠিত

Published: 04-08-2026 Updated: 04-08-2026 03:52:20

latest news


 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ০৪ আগস্ট ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে এই সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘গত কয়েকদিন ধরে গবেষণায় প্লেজারিজম চেকের মাধ্যমে কপির বিষয়টি আলোচিত হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের গবেষণাগুলোতে কপির হার তুলনামূলক কম হলেও সংবাদ পরিবেশনে আমাদের দেশের বিষয়টিই বেশি গুরুত্ব পেয়েছে। তবে গবেষণার ক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে।’
তিনি আরও বলেন, ‘ব্যবসায় প্রশাসন অনুষদে মোট ২৮জন অনুষদীয় সদস্যের মধ্যে ২৬টি গবেষণা প্রকল্প অত্যন্ত আশাব্যঞ্জক। আপনাদের এই গবেষণাগুলো শিক্ষার্থীদের মানব সম্পদ হিসেবে তৈরি করে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছি।’
সেমিনারের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ- সুখন) এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। স্বাগত বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রাজু আহমেদ।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শাইখ মোস্তাক আহাম্মদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. জহুরুল আলম। সঞ্চালনায় ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল মোমেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর অর্থায়ণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৫-২০২৬ অর্থবছরে গবেষণা প্রকল্পগুলোর সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের মোট ২৬টি গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়।